বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও “শেখ রাসেল দিবস ২০২১” উপলক্ষে তার নামে একটি ওয়েবসাইট (www.sheikhrussel.gov.bd ) ও অনলাইন কুইজ প্রতিযোগিতার প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। রবিবার (৩ অক্টোবর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার -এর বিসিসি অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই ওয়েবসাইট এবং অনলাইন কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করেন ।
এসময় অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ) এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সি- সহ সকল মন্ত্রণালয় এবং সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর সার্বিক সহযোগিতায় “শেখ রাসেল দিবস” এর অংশ হিসেবে শেখ রাসেল ডটগভ ডটবিডি নামক ওয়েবসাইট ও অনলাইন কুইজ প্রতিযোগিতার প্ল্যাটফর্ম তৈরির কাজ ইতোমধ্যেই সম্পন্ন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প। এই ওয়েবসাইটের মাধ্যমে শিশু-কিশোর তথা বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা গভীরভাবে শেখ রাসেল সম্পর্কে জানতে পারবে।
রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এই আয়োজন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম-এর প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর কুইজ প্রতিযোগিতার নিয়মাবলী উপস্থাপন করেন। তিনি বলেন, দুরন্ত, প্রাণবন্ত শেখ রাসেল-এর জন্ম, শৈশব, শিক্ষাজীবন, স্বপ্ন, ভ্রমণ, পরিবার, পছন্দ, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় তরুণ প্রজন্ম বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা শেখ রাসেল সম্পর্কে বিস্তারিত জানতে জাতীয়ভাবে আয়োজন করা হচ্ছে “শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা”। মূলত উল্লেখিত বিষয়সমূহ থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে উক্ত প্রতিযোগিতায়। প্রথমে, আগ্রহী শিশু-কিশোরদের নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে quiz.sheikhrussel.gov.bd এই ঠিকানায়। এই প্রতিযোগিতায় ৮ থেকে ১৮ বছর বয়সের মধ্যকার যে কেউ অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, এই আয়োজনে অংশ নিতে বয়সভিত্তিক “ক” ও “খ” নামক ২ টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। নিবন্ধনকারির বয়স গ্রুপ “ক” এর ক্ষেত্রে ৮-১২ বছর এবং গ্রুপ “খ” এর ক্ষেত্রে ১৩-১৮ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। ৩রা অক্টোবর ২০২১ রবিবার থেকে ১১ অক্টোবর ২০২১ সোমবার রাত ১২ টা পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে।
পরবর্তীতে, “গ্রুপ ক” অর্থাৎ ৮-১২ বছর বয়সের নিবন্ধনকারিরা ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার ৭টা থেকে ৮ টার মধ্যে যে কোন ১০ মিনিট এবং “গ্রুপ খ” অর্থাৎ ১৩-১৮ বছর বয়সের নিবন্ধনকারিরা ১৩ অক্টোবর ২০২১, বুধবার সন্ধ্যা ৭টা থেকে ৮ টার মধ্যে যে কোন ১০ মিনিট সময়ে অনলাইন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এমসিকিউ পদ্ধতিতে সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে। কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে। তবে চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে। “ক” ও “খ” দুটো গ্রুপ থেকেই ৫ জন করে অর্থাৎ মোট ১০ বিজয়ীর প্রত্যেককে দেওয়া হবে কোর আই ৭-১১ জেনারেশন মানের ল্যাপটপ। তবে একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন। ভুল কিংবা মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
ইত্তেফাক/আরকে
