জামালপুরে তিন তক্ষক উদ্ধার, গ্রেফতার ৩
জামালপুর প্রতিনিধি জামালপুরের শ্রীবরদী থানাধীন ইন্দিলপুর গ্রামে শনিবার বিকালে অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করা হয়। এ সময় তিন জনকে গ্রেফতার করে র্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলো—হাবিবুর রহমান, মো. জাকারিয়া হাবিব এবং জালাল উদ্দিন। তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার র্যাব-১৪ এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
বাগেরহাটে শ্লীলতাহানীর দায়ে ইজিবাইক চালকের কারাদণ্ড
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে ইজিবাইক চালক আব্দুল কাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম স্কুলে আদালত বসিয়ে ঐ চালককে এই দণ্ড দেন। তিনি বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক চালক আব্দুল কাদের সবার উপস্থিতিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নেওয়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রামীণ অবকাঠামো প্রকল্পের সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় রবিবার জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পের (সিআরআরআইপি) অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আমতলী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আমতলী ইউপি চেয়ারম্যান হান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের এলসিএস মো. জসিম উদ্দিন, সিও মানবেন্দ্রনাথ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
মডেল প্রেসক্লাবের কমিটি গঠন
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়া মডেল প্রেসক্লাবের ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে রাজু আহমেদকে সভাপতি এবং রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এর আগে মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক জুলহাজ কায়েমের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় উত্পাদনশীলতা দিবস
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আশুগঞ্জে জাতীয় উত্পাদনশীলতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বাপ্পী।
জয়পুরহাটে সেমিনার
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে রবিবার নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম সভাপতিত্ব করেন। জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুল কাইউম সরকার।
কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষক লীগের চিলমারী ইউনিয়নের সভাপতি মো. আমিনুল ইসলাম কাজির সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম ওমর ফারুক।
দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরী দলিল লেখক সমিতির নির্বাচনে আলী আযম সভাপতি ও শামীম সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দিনব্যাপী সাবরেজিস্ট্রার অফিস চত্বরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করা হয়।
০
