পূর্বাচল পাওয়ার জেনারেশন প্রকল্পে সন্ত্রাসীদের হামলা আহত ১৫

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৯

রূপগঞ্জের হাটাবো আতলাশপুর এলাকায় অবস্থিত পূর্বাচল পাওয়ার জেনারেশন প্রকল্প (ইনডেক্স গ্রুপ) নামক একটি প্রতিষ্ঠানে গতকাল রবিবার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এবং এতে প্রকল্পের অন্তত ১৫ জন কর্মকর্তা, কর্মচারী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কোম্পানির প্রজেক্ট সুপারভাইজার ফরিদ ভুইয়া বাবু জানান, ৫ মাস আগে হাটাবো আতলাশপুর এলাকায় পূর্বাচল পাওয়ার জেনারেশন প্রকল্পের (ইনডেক্স গ্রুপ) কাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকেই একই এলাকার বাবুল, রাহুল, হিরা, আলমগীর, শরীফ, রাজীব, আরিফ, জুয়েল কাজে বাধা প্রদান করে আসছে। রবিবার দুপুরে উল্লেখিত ব্যক্তিরাসহ ৬০/৭০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাওয়ার জেনারেশন প্রকল্পে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় কোম্পানির প্রজেক্ট ম্যানেজার আব্বাস উদ্দিন, ফোরম্যান হানিফ, মাটিকাটা শ্রমিক কুদরত, হানিফ, সালাম, শফিকুলসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ব্যাপারে প্রজেক্ট সুপারভাইজার ফরিদ উদ্দিন বাবু বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি আব্দুল হক বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।