কাতারে আইনসভার প্রথম নির্বাচন জিততে পারেননি কোনো নারী

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২৩:২২

ইত্তেফাক ডেস্ক

কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত আইনসভা (শুরা কাউন্সিল) নির্বাচনে কোনো নারী প্রার্থী জয়ী হতে পারেননি। এ নিয়ে নারী প্রার্থীরা হতাশা প্রকাশ করেছেন। স্থানীয় শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শুরা কাউন্সিলের ৪৫টি আসনের মধ্যে ৩০টির আসনের জন্য ভোটাভুটি হয়। কাতারের আমির বাকি ১৫ আসনে জনপ্রতিনিধি নিয়োগ করবেন। খবর রয়টার্সের

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অধিকাংশই ছিলেন পুরুষ। ৩০ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৮৪ জন প্রার্থী। তাদের মধ্যে ২৬ জন নারী প্রার্থী ছিলেন। গতকাল রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার হার ছিল ৬৩ দশমিক ৫ শতাংশ। নারীরা হারলেও আমির যে ১৫ জন নিয়োগ দেবেন তার মধ্যে নারীরা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ৫৯ বছর বয়সি প্রার্থী আয়েশা হামাম-আল জসিম বলেন, সব পুরুষ প্রার্থীকে জয়ী করা কাতারের উদ্দেশ্য নয়। তিনি কাতারের নারীদের আরো বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরো বেশি করে নির্বাচনে দাঁড়ানোর আহ্বান জানান।