বরিশাল অফিস
নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন ছাত্রলীগ কর্মী রক্তাক্ত জখম হয়েছে। আহত ছাত্রলীগ কর্মী রাজিব মল্লিক, রায়হান মুন্সী ও জুবায়েরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন হাওলাদারের সঙ্গে সম্প্রতি ওয়ার্ড সাধারণ সম্পাদক সোলায়মান বাপ্পির বিরোধ সৃষ্টি হয়। সোলায়মান বাপ্পির মদতে তার কর্মী-সমর্থকরা কালিজিরা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ রয়েছে। হুমায়ুন হাওলাদারের সমর্থকরা এর প্রতিবাদ জানালে সোলায়মান বাপ্পির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ঐ বিরোধের জের ধরে গতকাল রবিবার সাধারণ সম্পাদক সোলায়মান বাপ্পি ধারালো অস্ত্র দিয়ে ঐ তিন ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করে। আহত ছাত্রলীগ কর্মী রায়হান মুন্সী বলেন, চাঁদা না দেওয়ায় সকালে পরিবহন ঠিকাদার মনিরকে মারধর করেন সাধারণ সম্পাদক ও তার সমর্থকরা। তারা এ মারধরের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সোলায়মান বাপ্পি হামলা চালান। এ সময় রায়হানের কপাল ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অপর ছাত্রলীগ কর্মী রাজিব মল্লিক বলেন, কিছু বুঝে ওঠার আগেই সাধারণ সম্পাদক আমাদের কুপিয়ে জখম করেন।
২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন হাওলাদার বলেন, সাধারণ সম্পাদক সোলায়মান বেপরোয়া হয়ে পড়েছেন। মহানগর আওয়ামী লীগ সভাপতি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন। তাই তিনি থানায় অভিযোগ করেননি।
তবে অভিযোগ অস্বীকার করে সোলায়মান বাপ্পি বলেন, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। পারিবারিকভাবে সচ্ছল হওয়ায় তার চাঁদাবাজির প্রয়োজন হয় না। এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুুরুল ইসলাম বলেন, ২৬ নম্বর ওয়ার্ডে হামলার ঘটনা শুনেছেন। কয়েক জন হাসপাতালে আছে। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
