মানিকগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৯

মানিকগঞ্জে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তরুণীর অভিযোগ জেলার সাটুরিয়া উপজেলা ডাকবাংলোর একটি কক্ষে দুই দিন আটকে রেখে দুই পুলিশ কর্মকর্তা এই তরুণীকে জোর করে ইয়াবা খাইয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে। এঘটনায় অভিযুক্ত সাটুরিয়া থানার উপ-পরিদর্শ (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রবিবার বিকেলে নির্যাতনের শিকার ওই তরুণী মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমানের কাছে  লিখিত অভিযোগ করেছেন। সোমবার পুলিশ সুপার সাংবাদিকদের এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (মানিকগঞ্জ সদর সার্কেল) হাফিজুর রহমান ও সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমানকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সব তদন্তে বিষয়টি প্রমাণিত হলে ওই দুজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্য হিসেবে তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এদিকে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে এই দুইজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।