মন্ত্রণালয়ের তোপের মুখে সিডিএ

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২৩:৪৯

চট্টগ্রাম নগরীর পরীর পাহাড় হিসেবে পরিচিত আদালত এলাকায় জেলা আইনজীবী সমিতির নির্মিত পাঁচটি ভবনের নকশার অনুমোদনকে কেন্দ্র করে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তোপের মুখে পড়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ভবনগুলোর নকশা কীভাবে প্রদান করা হয়েছে সে বিষয়ে সিডিএর কাছে ব্যাখ্যা চেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আগামী সাত দিনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করতে সিডিএ চেয়ারম্যানকে অনুরোধ করে পত্র দেওয়া হয়েছে। গতকাল রবিবার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুর রহমান হাবিব স্বাক্ষরিত পত্রে আরো উল্লেখ করা হয়, বিষয়টি বর্তমানে বহুল আলোচিত। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে অবৈধ স্থাপনা অপসারণের জন্য জেলা প্রশাসন, চট্টগ্রামকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া জমির মালিকানা নিশ্চিত না হয়ে নকশা অনুমোদনের কর্তৃত্ব কোনো প্রতিষ্ঠানের নেই।

উল্লেখ্য, চট্টগ্রামে আদালত এলাকায় জেলা আইনজীবী সমিতির পাঁচটি ভবন রয়েছে। এর পাশাপাশি সম্প্রতি তারা আরো দুটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিলে এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। জেলা প্রশাসন বলছে, আদালত এলাকার সব জমি সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। এখান থেকে সরকার আইনজীবী সমিতিকে যে পরিমাণ জমি বরাদ্দ দিয়েছিল তার ১০ গুণ জমি তারা অবৈধভাবে দখলে নিয়ে একের পর এক ভবন নির্মাণ করছে। তবে জেলা প্রশাসনের এই বক্তব্য অস্বীকার করে আইনজীবী সমিতির নেতারা বলছেন তাদের দখলে কোনো অবৈধ জমি নেই। আইন মেনেই তারা সব স্থাপনা নির্মাণ করেছেন।