আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের গেটে বিস্ফোরণে অন্তত দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। গতকাল রবিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তালেবান কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তালেবান ক্ষমতায় আসার পর এই প্রথম মসজিদে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে এর দায়িত্ব কেউ স্বীকার করেনি। খবর আলজাজিরার
তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, ঈদগাহ মসজিদের প্রবেশদ্বারে বিস্ফোরণটি হয়। ঐ সময় মসজিদের ভেতরে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে দোয়া চলছিল। তালেবানের অন্যতম মুখপাত্র বিলাল কারিমি জানান, বিস্ফোরণে তালেবানের কোনো যোদ্ধা আহত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারী সাইদ খোসতি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে অন্তত দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। হতাহতরা সবাই মসজিদের গেটে অবস্থান করছিলেন। হামলা সম্পর্কে বিস্তারিত জানায়নি তালেবান। কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে।
