বেতনবৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল রবিবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল প্রধানন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পৌঁছে দেয়।
সমাবেশে নোমানুজ্জামান আল আজাদ বলেন, নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, বেতনবৈষম্য নিরসন, টাইম-স্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন পুনর্বহাল, মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে। একই দাবিতে একযোগে সারা দেশে জেলায়-জেলায় সমন্বয় পরিষদের জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি পেশ করা হয়েছে। সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, রোকনুজ্জামান, কার্যকরী সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, এস এম শফিকুর রহমান রাজু, যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম প্রমুখ।
