শিক্ষক নন. ফ্রি-ল্যান্সাররা কোচিং করাতে পারবে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫০

হাইকোর্ট বলেছে, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিযুক্ত শিক্ষকদের বাইরে যারা আছেন অর্থাত্ ফ্রি-ল্যান্সারদের কোচিং করাতে কোনো বাধা নেই। গতকাল সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুদক আইনজীবীর উদ্দেশ্যে এ মন্তব্য করেন। আদালত বলেন, আপনি (দুদক আইনজীবী) টিভি টক শোতে বলেছেন, সকল ধরনের কোচিং বাণিজ্য বন্ধ। আমরা কি রায়ে সেটা বলেছি? আমরা তো কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ বৈধ ঘোষণা করেছি। অর্থাত্ ওই নীতিমালায় কোচিং বাণিজ্য বন্ধে যেসব নির্দেশনা রয়েছে সেটাই কার্যকর হবে।

এ প্রসঙ্গে দুদক আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, একটি মামলার শুনানি করতে সকালে ওই কোর্টে উপস্থিত ছিলাম। তখন আদালত আমাকে ডেকে জানান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাইরে যারা ফ্রিল্যান্সার হিসেবে কোচিংয়ের সঙ্গে যুক্ত তারা তাদের কার্যক্রম চালু রাখতে পারবেন।

গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট কোচিং বাণিজ্য বন্ধে সরকারের নীতিমালা বৈধ ঘোষণা করে। রায়ে বলা হয়, একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সরকার যেকোনো সময় যেকোনো ইস্যুতে জনগণের কল্যাণে আইন, বিধি ও নীতিমালা জারি করতে পারবে।