আজ প্রচারিত হবে ‘ইত্যাদি’

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২০:২১

 বিনোদন রিপোর্ট

 

আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে পাবনা জেলার পাকশীতে অবস্থিত শতাব্দি প্রাচীন একমাত্র ইস্পাত নির্মিত সর্ববৃহত্ রেল সেতু ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ধারণকৃত ‘ইত্যাদি’। পেছনে রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ, সামনে সড়ক সেতু লালন শাহ ব্রিজকে কেন্দ্র করে নির্মিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শক নিয়ে প্রশংসিত এই পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে।

বিষয়বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। পাবনার ইতিহাস, ঐতিহ্য এবং মহানায়িকা সুচিত্রা সেনের ওপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের নিবেদিত প্রাণ কৃষিকর্মী বাদশা মোল্লার ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। রয়েছে ঐতিহ্যবাহী ‘পাবনা মানসিক হাসপাতাল’-এর ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছিল দক্ষিণ-পশ্চিম ইউরোপের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ দেশ স্পেনের বার্সোলোনার ঐতিহাসিক সাগরাদা দ্য ফ্যামিলিয়ার ওপর। এবারের ইত্যাদিতে গান গেয়েছে পাবনারই কৃতি সন্তান বাপ্পা মজুমদার ও তার দলছুট দল। পাবনারই আরেক কৃতি শিল্পী স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী-মা, বোন, বন্ধু ও ভালোবাসার মানুষদের আবেগময় সম্পর্কের অনুভূতি নিয়ে গেয়েছেন আর একটি গান। পাবনাকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত দর্শকদের সঙ্গে দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেছেন পাবনারই আরো দু’জন কৃতি শিল্পী-নাট্য দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী।

এছাড়া রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র পর্বসহ বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।