বরিশালে পেঁয়াজের দাম বেড়েছে

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৩১

বরিশাল অফিস

এক সপ্তাহের ব্যবধানে বরিশালের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০-১৫ টাকা বাড়লেও খুচরা বাজারে দাম বেড়েছে আরো বেশি। হঠাত্ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তারা বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন। এদিকে আড়তদার ও ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য আমদানিকারকদের দায়ী করেছেন।

তারা বলছেন, মোকামে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তারা কেনা মূল্যের সঙ্গে সামান্য লাভ রেখে পেঁয়াজ বিক্রি করছেন মাত্র। সোমবার দুপুরে বরিশালে পেঁয়াজ-রসুন-আলুর বৃহত্তম বাজার নগরীর পেঁয়াজপট্টিতে গিয়ে দেখা গেছে, দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে এবং আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২-৫৪ টাকা দরে। খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ ৬০ টাকা এবং এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। অথচ এক সপ্তাহ আগে এই আড়তে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮ টাকা এবং এলসি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪১-৪২ টাকা কেজি দরে। খুচরা পর্যায়ে তখন দেশি পেঁয়াজ বিক্রি হয় ৪৫ টাকা এবং এলসি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয় বলে জানান নগরীর বাংলাবাজারের মুদি দোকানি মিন্টু সরকার।

নগরীর পেঁয়াজপট্টির তালুকদার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবুল তালুকদার জানান, মোকামে দাম বেড়ে যাওয়ায় বরিশালের বাজারেও সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে। আড়তদাররা কেনা মূল্যের সঙ্গে সামান্য লাভ রেখে পেঁয়াজ বিক্রি করছেন।