সিনিয়র-জুনিয়র বৈষম্য

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৩৫

ছোট থেকে বড় হলাম; কিন্তু কখনো সিনিয়র-জুনিয়রের মর্ম বুঝতে চেষ্টা করিনি। একমাত্র বিশ্ববিদ্যালয়ে এসে সম্মুখীন হলাম বা বৈষম্য লক্ষ করলাম। আসলে এমন বৈষম্য কেন হয়? সিনিয়র জুনিয়র সম্পর্ক থাকবে সুন্দর—মায়া, মমতা আর স্নেহ-ভালোবাসায় ঘেরা। বিশ্ববিদ্যালয়ে ঘটে এর উলটোটা; তবে সব সিনিয়র যে একরকম তা কিন্তু না আর সবার কথা বলছিও না। কিছু কিছু সিনিয়র আছেন যাঁরা এক্সট্রা পার্ট নিতে গিয়ে জুনিয়রদের অপদস্ত করেন। যেমন, কোথাও জুনিয়র দেখলে বলেন সালাম কেন দিলা না, আবার কোনো কাজের ক্ষেত্রে ও তো  জুনিয়র ওকে এসব কাজে নেওয়া যাবে না। কোনো সংগঠনে নতুনদের পদ দেওয়া যাবে না। কোথাও অন্যায় কিছু দেখলে সেখানে কথা বললেও দোষ। আর সামান্য বিষয় নিয়ে র্যাগিংয়ের কথা নাইবা তুললাম। জুনিয়র মানে কি শুধুই মাথা নিচু করে থাকা। এই বৈষম্য দূর হবে কবে? আমার মনে হয় বৈষম্য না করে মিলেমিশে ভালোভাবে থাকলেই সম্পর্ক ভালো থাকে। আর বৈষম্য না করে জুনিয়রদের পথ চলায় দিক নির্দেশনা দিলেই ভালো হবে বলে মনে করি।

সিনথিয়া সুমি

শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ