ভবদহ সমস্যার সমাধানে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংবাদ সম্মেলন

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৩৫

প্রধানমন্ত্রীকে এলাকা পরিদর্শনের আহ্বান

 যশোর অফিস

সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেছেন, যশোরের দুঃখগাঁথা ভবদহ সমস্যার সমাধানে একজন জনপ্রতিনিধিও নেই যিনি জনস্বার্থকে বিবেচনায় নিয়ে জনগণের পাশে দাঁড়াতে পারেন। তারা অভিযোগ করে বলেন, কার্যত ভবদহ সমস্যাকে পুঁজি করে নিজেদের আখের গোছানো ছাড়া পাউবো কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা নেই। সাধারণ মানুষের ধারণা ভবদহ এলাকার মানুষের দুর্দশাকে পুঁজি করে যা করা হচ্ছে, তা প্রহসন ছাড়া আর কিছুই নয়। তাছাড়া জনপ্রতিনিধি বা পাউবো কর্মকর্তাদের দ্বারা এ সমস্যার সমাধান হতে পারে, এমন বিশ্বাসও এলাকাবাসীর নেই। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি ভবদহ এলাকা পরিদর্শনে আসার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর পরিদর্শনের মধ্য দিয়েই ভবদহ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তারা। সোমবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর ও অভয়নগর উপজেলা শাখার নেতৃবৃন্দ এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জোটের জেলা সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।

সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীকে সরাসরি ভবদহ এলাকা পরিদর্শনে আসার আহ্বান ছাডাও টিআরএম বাস্তবায়ন, আমডাঙ্গা খালসহ অন্যান্য খাল সংস্কার ও প্রশস্ত করা, খাল-বিল অবৈধ দখলমুক্ত, তিন উপজেলায় তিনটি মেডিক্যাল টিম গঠন করে নিয়মিত চিকিত্সাসেবা কার্যক্রম চালু এবং বিনা মূল্যে ওষুধ সরবরাহ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ এবং সাপের উত্পাত থেকে মানুষ ও প্রাণিকুলকে বাঁচাতে ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড সরবরাহের দাবি জানান বক্তারা। পরে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে সরাসরি ভবদহ এলাকা পরিদর্শনে আসার আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। জোটের জেলা সভাপতি সুকুমার দাস, সহসভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, অভয়নগর উপজেলা শাখার আহ্বায়ক সুনীল কুমার দাস, যুগ্ম আহ্বায়ক জি এম মেহেদী হাসান কাদের প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।