ইত্তেফাক রিপোর্ট
জাতীয় প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২০ অক্টোবর। এ উপলক্ষ্যে ৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত মতবিনিময় সভা থেকে এ তথ্য জানিয়েছেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম। তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হবে। এ উপলক্ষ্যে ৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা, চিকিত্সা ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র?্যাফেল ড্রসহ নানা আয়োজন থাকছে। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় এবার স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে। তিনি বলেন, ‘করোনায় কয়েক জন প্রথিতযশা সাংবাদিককে হারিয়েছি, যা দেশের গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি। গত এক বছরে প্রেসক্লাবের ৩৪ জন সদস্যকে হারিয়েছি। এটা আমাদের জন্য খুবই বেদনার, খুবই কষ্টের।’ প্রেসক্লাব অব দিল্লির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, যৌথভাবে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, গত এক বছরে ক্লাবের যেসব সদস্য মারা গেছেন আগামীকাল বুধবার বেলা ১১টায় তাদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বৃহস্পতিবার চক্ষু চিকিত্সা ক্যাম্প, ৮ ও ৯ অক্টোবর শিশু আনন্দমেলা, ১০ ও ১১ অক্টোবর সদস্যদের দাবা প্রতিযোগিতা, ১২ অক্টোবর সদস্যদের এয়ারগান প্রতিযোগিতা, ১৩ ও ১৪ অক্টোবর সদস্যদের স্পেড ট্রাম প্রতিযোগিতা, ১৪ অক্টোবর বিকালে নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, ১৬ ও ১৭ অক্টোবর সদস্যদের টেবিল টেনিস প্রতিযোগিতা ও ২০ অক্টোবর ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু আনন্দমেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফরম সংগ্রহ করে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
