স্পোর্টস রিপোর্টার
দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়লেও শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে পেরে উঠেনি বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। চট্টগ্রামে চার ওয়ানডের সবকটিই হেরেছে এইচপি। গতকাল সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডেতে এইচপিকে ৫ উইকেটে হারিয়েছে মুমিনুল হকের দল।
এর মধ্য দিয়েই শেষ হলো এইচপির চলতি বছরের ক্যাম্প। গতকাল এইচপির ম্যানেজার জামাল বাবু জানিয়েছেন, কয়েক সপ্তাহ ক্যাম্পের পর ‘এ’ দলের বিরুদ্ধে লংগার ভার্সন ও ওয়ানডে সিরিজ খেলেছে দেশের উদীয়মান ক্রিকেটাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ১৯২ রানে অলআউট হয় এইচপি। পারভেজ ইমন ৪১, তৌহিদ হূদয় ২৪, শাহাদাত হোসেন দিপু ৩৪, সুমন খান ২৭ রান করেন। জবাবে ৩৩ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান তুলে ম্যাচ জিতে নেয় ‘এ’ দল। ৪৮ বলে অপরাজিত ৬৪ রান (৫ চার, ৪ ছয়) করেন মোসাদ্দেক।
