খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২২:০৪

চট্টগ্রাম ভলিবল লিগ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

রেকর্ডসংখ্যক দল নিয়ে চট্টগ্রাম প্রিমিয়ার ও প্রথম বিভাগ ভলিবল লিগ শুরু হয়েছে। প্রথম দিনে প্রিমিয়ারের পাঁচটি এবং প্রথম বিভাগে চারটি খেলার নিষ্পত্তি হয়েছে। তবে খেলার মান নিয়ে প্রশ্ন উঠেছে। লিগে দ্বিতীয় বিভাগের দলকে তালিকাভুক্ত করে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। খেলোয়াড় সংকটের কারণে দু-একটি দল ছাড়া অধিকাংশ দল যেনতেন করে নামকা ওয়াস্তে মাঠে খেলতে নেমেছে। সকালে এক দলে খেলে বিকাল আবার অন্য দলে খেলারও অভিযোগ পাওয়া গেছে অনেক খেলোয়াড়ের বিরুদ্ধে। তবে কোভিডের কারণে জেলার বাইরের খেলোয়াড়দের লিগে খেলার সুযোগ নেই। সে কারণেই কিছুটা সমস্যা হচ্ছে বলে জানালেন আয়োজক কমিটির সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

সকাল থেকে খেলা চললেও বিকালে ভলিবল লিগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন স্পন্সর লিবার্টি গ্রুপের এমডি মোহাম্মদ ইলিয়াস, সংস্থার সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, লিগ কমিটির সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।