আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ আয়োজনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০০:০২

ডিজিটাল মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি, ফিনটেকসহ নানা বিষয়ের উপর তরুণ প্রজন্মের জন্য বিশেষ আয়োজন আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড (IBCOL)২০২১। হংকং হংকং থেকে শুরু হওয়া এই অলিম্পিয়াড প্রথমবারের মত ভিনদেশে আয়োজিত হতে যাচ্ছে। আর আয়োজক দেশ হিসেবে বাংলাদেশও এই আয়োজনের জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি সম্পন্নন করেছে ।  

আয়োজক কর্তৃপক্ষ জানান, ডিজিটাল মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি, ফিনটেকসহ নানা বিষয়ের উপর তরুণ প্রজন্মের জন্য রয়েছে বেশ কিছু তথ্য-প্রযুক্তি সম্পর্কিত সেমিনার যেখানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের অভিজ্ঞ সব তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ ও প্রফেশনালগণ। এবারের আয়োজনে “সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি” শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফিনটেক ইনফ্লুয়েন্সার কনসেনসিসের এপিএসি ব্যবস্থাপনা পরিচালক চার্লস ডি’হাউসি। কনসেনসিস বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্লকচেইন সফটওয়্যার প্রতিষ্ঠান যারা ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। মি: চার্লস ফিনটেক শিল্পের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং এশিয়ার শীর্ষ -৫০ ফিনটেক প্রভাবক হিসাবে নির্বাচিত হয়েছেন। 

চার্লস এর আগে হংকং সরকারের ইনভেস্টএইচকে (InvestHK) প্রকল্পের একটি অংশ হিসেবে ফিনটেকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি হংকং ফিনটেক সপ্তাহের নেতৃত্ব দিয়েছিলেন যা ৪৫০ টিরও বেশি ফিনটেক কোম্পানির বৃদ্ধিকে সমর্থন করেছিল। শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সেমিনারটি IBCOL এর ওয়েবাসাইট (https://ibcol2021.com) -এই ঠিকানায় বিশ্বব্যাপী সকল অংশগ্রহণকারী এবং দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়াও আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের প্রথম ওয়েব ডিজাইনার ও ব্লকচেইন টেকনোলজি বিষয়ক আমেরিকান লেখক মি: ডেভিড সীগেল। তিনি আগামী রবিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

ডেভিড ১৯৯৪ সালে সান ফ্রান্সিসকোতে প্রথম ডিজিটাল এজেন্সিগুলির মধ্যে একটি শুরু করেছিলেন। তিনি বর্তমানে লন্ডনের একটি অলাভজনক প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সি স্টার্টআপে নেতৃত্ব দিচ্ছেন। মি: সীগেল চারটি বইয়ের রচয়িতা যা ব্যবস্থাপনা এবং প্রযুক্তির মেলবন্ধন অন্বেষণ করে। লিডার্স ইন দ্যা শ্যাডো, ইনোভেশন মিথস অ্যান্ড মিথসটেকস, নিউইয়র্ক প্র্যাকটিস, পুল, ভিক্টোরিয়াস ভয়েস, ফোর্সেস অব চেঞ্জ তারই বিখ্যাত বই। সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনটিও IBCOL এর ওয়েবাইসাইটে নির্ধারিত সময়ে  ভিজিট করে দেখার সুযোগ থাকছে।

“আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” একটি ব্লকচেইন প্রযুক্তি ভিত্তিক বৈশ্বিক প্রতিযোগিতা যেখানে বিশ্বব্যাপী শিক্ষার্থীরা উদ্ভাবনী বিষয়ে প্রতিযোগিতা করে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বছরে এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজক হতে পারা বাংলাদেশের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলে মনে করছেন “আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” এর চেয়ারম্যান এবং টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ এন করিম। 

“আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” এর আয়োজনে কাজ করছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-সহ ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এবং টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেড। এছাড়াও পার্টনার হিসেবে রয়েছে এফবিসিসিআই, বেসিস, আইবিএ, এসিআই লি., ব্র্যাক ইউনিভার্সিটি, ইউথ পলিসি ফোরাম ও একাত্তর টিভি। বুধবার (৬ অক্টোবর) “আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” বিষয়ক একটি সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে যেখানে উক্ত আয়োজনটিসহ আরো বিস্তারিত বিষয় জানানো হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

ইত্তেফাক/আরকে