পর্যটনকেন্দ্রে বিদেশিদের জন্য ক্যাসিনো স্থাপনের সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০০:৫১

দেশের পর্যটন এলাকাগুলোতে বিদেশিদের জন্য ‘ডেডিকেটেড ক্যাসিনোসহ’ তাদের বিনোদন উপযোগী সব ধরনের সুযোগ-সুবিধা রেখে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ৫ হাজার পর্যটকের অবস্থানের উপযোগী স্থাপনা ছয় মাসের মধ্যে তৈরি করার ওপরও জোর দিয়েছে কমিটি।

বৈঠক শেষের কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমরা একটি এক্সক্লুসিভ জায়গা নির্ধারণ করে বিদেশিদের জন্য সব সুযোগ-সুবিধা রাখার ব্যবস্থা করতে বলেছি। তৈরি পোশাকশিল্পে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। আমাদের এখানে অনেক বিদেশি ক্রেতা আসেন। কিন্তু বিদেশিদের জন্য আমাদের এখানে বিনোদনের কোনো ব্যবস্থা নেই। সমস্ত মুসলিম দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে তারা বিদেশি পর্যটকদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছে।

তিনি বলেন, আমরা চাই আমাদের দেশে বিদেশি পর্যটক আসুক। তারা তাদের মতো করে ঐ নির্ধারিত এলাকায় ঢুকবে। সারা বিশ্বে যে ধরনের সুযোগ দেওয়া হয়, তাদের জন্য সেসব সুযোগ সেখানে যেন থাকে। এতে করে বাংলাদেশকে মানুষ চিনতে পারবে।

পর্যটনশিল্প বিকাশের স্বার্থে আন্তর্জাতিক পর্যটন সংস্থাসহ দেশি-বিদেশি ট্যুর অপারেটরদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে তাদের সযযোগিতা নেওয়ার জন্যও কমিটি সুপারিশ করেছে। কক্সবাজারের পর্যটন করপোরেশনের মোটেল শৈবাল, প্রবাল ও উপলকে একত্রিত করে মাস্টারপ্লানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ-সুবিধা সংবলিত পর্যটন স্থাপনা তৈরি এবং বৈঠকে কুয়াকাটার পর্যটন এলাকা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অগোছালো স্থাপনা নির্মাণ বন্ধ করে মাস্টার প্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ-সুবিধা সংবলিত পর্যটন স্থাপনা তৈরির সুপারিশ করা হয়।

আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মুহিবুর রহমান মানিক ও নাহিদ ইজাহার খান অংশ নেন।