আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় কর্মপন্থা ঠিক করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিচ্ছে বিএনপি। এজন্য তাদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। ইতিমধ্যে দলের নির্বাহী কমিটি ও অঙ্গসংগঠনসমূহ এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারা। আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে চিকিত্সক, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধির সঙ্গে মতবিনিময়। গতকাল সোমবার বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধির সংখ্যা বেশি হওয়ায় দুই দিনব্যাপী হবে এই মতবিনিময় সভা। গত শনিবার স্থায়ী কমিটির বৈঠকে মতবিনিময়ের সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেবেন।
