হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৮:৩১

কুমিল্লার হোমনায় পুকুরে পড়ে মো. ইয়ামিন নামের দেড় বছরের এক শিশুমৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।  হোমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে, পুলিশ পরিদর্শক জানান,  মো. ইয়ামিন উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির লোকজন যখন নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন, তখন শিশুটি পুকুরে পড়ে যায়। এরপর তার লাশ ভাসতে দেখে দ্রুত পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

হোমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।’

ইত্তেফাক/ইআ