মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করলেও প্রত্যাশিত গাড়ি (যানবাহন) আসছে না ঘাটে। স্বাভাবিক সময়ে ফেরির জন্য অপেক্ষা করে গাড়ি। আর এখন গাড়ির জন্য অপেক্ষায় থাকছে ফেরি।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চারটি ফেরি ট্রিপ দিয়েছে সর্বমোট মাত্র ৮টি। স্বাভাবিক সময়ে এ সময়ের মধ্যে অন্তত ১৮/২০টি ট্রিপ হয়ে যেতো বলে বিআইডাব্লিউটিসি জানায়।
এ বিষয়ে বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, অন্য সময় ফেরি ঘাটে আসার সাথে সাথে গাড়িতে পূর্ণ হয়ে যেত ফেরি। আর এখন দেড় ঘণ্টা থেকে ২ ঘণ্টা পেরিয়ে গেলেও পারাপারের জন্য পর্যাপ্ত গাড়ি নেই। তিনি আরও জানান, স্বাভাবিক সময়ে ফেরির জন্য গাড়ি অপেক্ষা করতো, আর এখন গাড়ির জন্য অপেক্ষা করছে ফেরি। বেলা ১১টায় ঘাটে আসা ফেরি ক্যামেলিয়া দীর্ঘ আড়াই ঘণ্টা অপেক্ষা করার পর দুপুর দেড়টায় পর্যাপ্ত পরিবহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। সব জায়গায় ফেরি চালু হওয়ার বিষয়টি জানাজানি না হওয়াতে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিআইডাব্লিউটিসি জানায়, মাঝারি আকারের বেগম সুফিয়া কামাল, বেগম রোকেয়া, ক্যামেলিয়া ও কুঞ্জলতা নামে চারটি ফেরি চলাচল করছে। পাঁচটি ফেরি চলাচলের কথা থাকলেও নতুন ফেরি কদমের যান্ত্রিক সমস্যা হওয়ায় শিমুলিয়া ২ নম্বর ফেরিঘাটে মেরামত চলছে। বুধবার এই ফেরিটিও বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
তবে এই রুটে ফেরি সার্ভিস বন্ধের দীর্ঘ ৪৭ দিন পর ৪৮ দিনের মাথায় আবার চালু হওয়ায় খুশি ঘাট ব্যবহারকারীরা। এদিকে লঞ্চ চলাচল করছে সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। স্পিডবোট বন্ধ থাকলেও ১৩২টি স্পিডবোটের রেজিস্ট্রেশন হয়েছে, টাইমটেবিল অনুমোদন পেয়েছে ১৯টি। তবে প্রক্রিয়া চলছে, ২/১ দিনের মধ্যে বৈধ প্রক্রিয়ায় দিনের বেলায় স্পিডবোট চলাচল শুরু হবে জানিয়েছেন, বিআইডাব্লিউটিসির সহকারী পরিচালক ও শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, সোমবার এ নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল সফল হওয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফেরি চলাচল করছে।
তিনি আরও বলেন, মাঝারি ফেরিগুলোতে শুধু ছোট পরিবহন, যেমন- অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল পারাপার করছে। মঙ্গলবার প্রতিটি ফেরি অন্তত তিনটি করে ট্রিপ দিতে পেরেছে বলে সন্ধ্যায় তিনি জানান।
এদিকে বিআইডাব্লিউটিসি জানিয়েছে পদ্মায় স্রোতে আরও একটু কমে আসলে সপ্তাহ খানের মধ্যেই রাতেও পুরোদমে ফেরি চলাচল শুরু হবে।
ইত্তেফাক/এমএএম
