সাভার থেকে নিখোঁজের ৪ দিন পর মাসুদ শেখ (২৭) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চারিগ্রামের দাশেরহাটি ব্রিজের নিচ থেকে মাসুদের মরদেহ উদ্ধার করা হয়। ২ অক্টোবর শনিবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মাসুদ।
নিহত মাসুদ শেখ রাজবাড়ী জেলা সদরের পেয়ারআলী মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি বাবা-মায়ের সাথে সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিনোদবাইদ এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।
সিঙ্গাইর থানা পুলিশ জানায়, সকালে সিঙ্গাইর উপজেলার দাশেরহাটি ব্রিজের নিচে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরে নিখোঁজ মাসুদের পরিবারের সদস্যদের উদ্ধার হওয়া লাশের ছবি দেখানো হলে সেটি মাসুদের মরদেহ বলে শনাক্ত করেন তারা।
সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাসুদকে কেউ দুই থেকে তিন আগে হত্যা করে ওই ব্রিজের নিচে ফেলে দেয় এবং ইজিবাইক নিয়ে যায়। তার হাতের আঙ্গুল কাটা ছিল। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর বিকেল ৪ টার দিকে অজ্ঞাত ফোন কল পেয়ে বাসা থেকে বেরিয়ে যায় মাসুদ। এর দুই থেকে তিন ঘণ্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন নিহতের ভাই মজনু শেখ।
ইত্তেফাক/এমএএম
