সুষ্ঠু নির্বাচন দিলে দেখবেন জনগণ ও ভোট কাকে বলে :রিজভী

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৫৬

 ইত্তেফাক রিপোর্ট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশে বলেছেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ তার মালিকানা ফিরে পায়, তাহলে প্রধানমন্ত্রী আপনি দেখবেন, জনগণ ও ভোট কাকে বলে।  আপনাদের তো জনগণের ভোট লাগে না। ভোট দেয় পুলিশ, র্যাব, বিজিবি ও দলীয় কর্মীরা। গত সোমবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ’বিএনপিকে কারা, কী কারণে ভোট দেবে- কোন স্বর্গসুখের আশায় বিএনপি বা অন্যদের ভোট দেবে?’ ঐ কথার জবাবে রিজভী এ কথা বলেন।

গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রতিনিধি সভায় বক্তব্যকালে রুহুল কবির রিজভী আরো বলেন, দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে। শিক্ষকরা যেমন এক জন মানুষকে শিক্ষিত করে তোলেন, তেমনি এই দেশের অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে মহান সংগ্রাম, আন্দোলন আসছে তার জন্যও তাদের প্রস্তুত থাকতে হবে। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএনপির সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী।