জামিন মেলেনি শাহরুখ পুত্রের

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৫৭

 বিনোদন ডেস্ক

 

মাদক পার্টি থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে আটক হওয়ার পর থেকেই ছেলে আরিয়ানের জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এ জন্য মুম্বাইয়ের অন্যতম প্রভাবশালী আইনজীবীকে নিয়োগ দিয়েছেন তিনি। তবে গত ৪ অক্টোবর আইনজীবী সতীশ মানশিণ্ডে আরিয়ানের জামিন আবেদন করলে তা নাকচ করে দেন আদালত। জামিন না মঞ্জুর করে আদালত জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে এনসিবির হেফাজতে থাকতে হবে। এ সময় আরিয়ানের বন্ধুর বাবা আইনজীবী আসলাম নিজের ছেলের পাশাপাশি আরিয়ানকেও নির্দোষ দাবি করেন। কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই তারা প্রমোদতরীর পার্টিতে গিয়েছিলেন। এছাড়া তারা কোনো মাদক চক্রের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তিনি। তবে এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে নথি পাওয়া গেছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে তাকে রাখা প্রয়োজন। এছাড়াও আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি উদ্ধার হয়েছে প্রমোদতরী থেকে।