ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৫টির বা ১৯ দশমিক ৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৪ দশমিক ৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৮ দশমিক ৯৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৮ দশমিক ৬৯ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৮ দশমিক ৬৮ শতাংশ, লাভেলোর ৮ দশমিক ৬৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৮ দশমিক ০৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭ দশমিক ৯৩ শতাংশ, লাফার্জহোলসিমের ৭ দশমিক ৭৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৬ দশমিক ৬৫ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৬ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে।
