পাপনের নেতৃত্বে এককাট্টা সবাই

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:২৭

স্পোর্টস রিপোর্টার

রাজধানীর পাঁচ তারকা হোটেলে গত সোমবার সন্ধ্যায় বিসিবি নির্বাচনকে ঘিরে কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠান ছিল। বিকালেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের শ্বশুর পরলোকগমন করেন। পরিবারের শ্রদ্ধেয়, প্রিয়জনের চিরবিদায়ের শোককে সামলে রাতে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পাপন। নির্বাচন নিয়ে কাউন্সিলরদের সঙ্গে সাক্ষাত্ করেছেন, ক্রিকেটের জন্য ভালো এমন লোককে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। বোর্ড সভাপতি হিসেবে পাপনের নেতৃত্বের বিষয়ে একমত সব প্রার্থী। ইত্তেফাকের সঙ্গে একান্ত আলাপে প্রার্থীরা জানিয়েছেন, ভোট-ভাবনা এবং নিজেদের জয়ের আশাবাদ।

ইসমাইল হায়দার মল্লিক

প্রথমত যারাই নির্বাচনে আছেন, তারা দীর্ঘদিন ধরে ক্রিকেটের অংশ। জেলা-বিভাগ, ক্লাব, খেলোয়াড় কোটা বলেন সবারই দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। এদিক থেকে সবাই ভালো, যোগ্য প্রার্থী।

এরা সবাই শেষ ৯ বছর ধরে পাপন ভাইয়ের নেতৃত্বাধীন যে বোর্ড ছিল, সেখানে বিভিন্নভাবে অবদান রেখেছেন, বিভিন্ন কমিটিতে ছিলেন। সবাই একই ঘরনার লোক। এখানে পাপন ভাইয়ের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নাই। সবাই পরিচালক পদের জন্য নির্বাচন করতেছেন। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে এটা ঠিক। কিন্তু কে জিতলো, কে হারলো এটা বিষয় নয়, নির্বাচন শেষে আমরা সবাই এক হয়ে যাব।

ফলাফল না হওয়া পর্যন্ত চিন্তার বিষয়। যদিও অনেক ভোটার আমাদের কাছের মানুষ। তারপরও ভোট দেওয়ার বিষয় তো আছে। নির্বাচন বলে কথা।

ওবেদ রশীদ নিযাম

আমি ভালো সাড়া পেয়েছি। কথা হচ্ছে সবার সঙ্গে। সম্মানিত কাউন্সিলরদের সঙ্গে আলাপ হচ্ছে। সুচিন্তা তো করতেই হয়। আমি আশাবাদী, সবার কাছে দোয়া চাইছি আমি। সম্মানিত কাউন্সিলররা অনেক অভিজ্ঞ, শিক্ষিত। নির্বাচন তো আগে থেকে বলা কঠিন, তারপরও আমি আশাবাদী।

ইফতেখার রহমান মিঠু

কাউন্সিলররা সবাই পরিচিত। পুরোনো মুখ, যারা অনেকদিন ধরে ক্রিকেটের সঙ্গে জড়িত আছে। সবাই ইতিবাচকভাবে স্বাগত জানাচ্ছে। ভালো সাড়া পেয়েছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। যেহেতু আমি ক্রিকেটেরই লোক, মাঠ পর্যায়ের লোক। আশা করি কাউন্সিলরদের সমর্থন পাব।