বাসাবো থেকে নন্দীপাড়া, মাদারটেক ও স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কটি বর্তমানে অনেক ব্যস্ত হয়ে উঠেছে। এই সড়কে প্রতিদিন স্টাফ বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, ব্যক্তিগত গাড়িসহ অসংখ্য মানুষ চলাচল করে। কিন্তু কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রতিদিন এই সড়কে অসহনীয় যানজট লেগে থাকে। এই যানজট এলাকাবাসীর শারীরিক ও মানসিক যন্ত্রণার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যানজটের অন্যতম কারণ হলো বাসাবোতে গুলিস্তানগামী লেগুনা স্ট্যান্ড— এখানে লেগুনাগুলো এলোমেলোভাবে ঘোরানো ও যাত্রী ওঠানো-নামানো হয়। আবার একটু সামনেই ছায়াবীথি চৌরাস্তার মোড়ে চারদিক থেকে যে যার মতো আগে যাওয়ার জন্য গাড়ি ঢুকিয়ে দেয়। ব্যাংক, সুপার শপসহ বিভিন্ন শোরুম থাকায় এখানে যানজট লেগেই থাকে। অধিকাংশ সময় লোকজনকে ট্রাফিকের ভূমিকা পালন করতে দেখা যায়। বিশেষ করে বাসাবো থেকে নন্দীপাড়া সড়কে যানবাহনের চাপ অনেক বেশি, তাছাড়া রাস্তাটি অপ্রশস্ত। সড়কটি প্রশস্ত ও সম্প্রসারণ করা জরুরি। এখানে আবার দুপুরের পর থেকে রাস্তার দুপাশে ভ্রাম্যমাণ বিভিন্ন দোকান বসে, যা যানজটের আর একটি কারণ। এভাবে প্রতিদিন যানজটে হাজারো মানুষের ভোগান্তির শেষ নেই। তাই বাসাবো থেকে নন্দীপাড়া পর্যন্ত সড়কটির সম্প্রসারণ ও যানজট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আশরাফ উদ্দিন
সহকারী শিক্ষক,
নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসাবো, ঢাকা
