চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর-পাবনা সড়কের ওপর বসছে বিশাল পাটের হাট। সপ্তাহের প্রতি রবিবার এই সড়কের অমৃতকুণ্ডা (রেলবাজার) হাটে পাট বেচাকেনা হয় সড়কের ওপর। ভোর থেকেই শুরু হয় পাট বেচাকেনা। এ সময় সড়কে সৃষ্টি হয় যানজটের। যাত্রীবাহী বাস, নসিমন, করিমন, সিএনজিচাালিত অটোরিকশাসহ মালবাহী ট্রাককে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বেড়ে যায় জনদুর্ভোগ। তবে সকাল ৮টার মধ্যেই পাট বেচাকেনা অনেকটাই শেষ হয়ে যায় বলে দাবি ব্যবসায়ীদের। প্রায় ৫ ঘণ্টা সড়কটি থাকে পাটের দখলে। এখানে প্রতি সপ্তাহে কয়েক হাজার মণ পাট বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। তারা জানান, সকাল ৮টার মধ্যেই সড়কটি ফাঁকা হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, সড়কের ওপরে পাট বিক্রির বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় চেয়ারম্যানকে বলা হয়েছে যানজট নিরসনে ব্যবস্থা নিতে। তাছাড়া পুলিশ ও চৌকিদার দায়িত্ব পালন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ দৈনিক ইত্তেফাককে জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৭২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ফলনও ভালো পেয়েছেন কৃষক। বাজারে পাটের দামও ভালো।
