মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী :আইজিপি

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২২:১৮

সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এবং দেশের মানুষের সার্বিক নিরাপত্তায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। ধর্মীয় সঠিক শিক্ষা পেলে কখনো কোনো মানুষ গোমরাহীর দিকে যেতে পারে না। ধর্মীয় শিক্ষা মানে শুধু আরবিতে দক্ষ হওয়া নয়, সবাইকে মাতৃভাষা বাংলা ও ইংরেজিও ভালোভাবে শিখতে হবে। তাহলে শিশুরা সঠিক শিক্ষা পাবে।

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে লক্ষ্মীপুরে নদীভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া ২ হাজার পরিবার জন্য নির্মিত কবরস্থান ও মসজিদের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, পুলিশ যে শুধু আইনশৃংঙ্খলা রক্ষায় কাজ করে তা নয়, মানবিক নানা কাজও করে থাকে। সেটির বড় উদাহারণ হচ্ছে নদীভাঙা মানুষের জন্য আজকের এই কবরস্থান তৈরি করা। এই স্থানে হয়তো অনেক বিত্তশালী লোক রয়েছেন, কিন্তু কেউ এই কাজে এগিয়ে আসেননি। তিনি বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি পুনাক সভানেত্রীর দৃষ্টিগোচর হয়। মানবিক দিক বিবেচনা করে মেঘনা নদীর ভাঙনের শিকার ২ হাজার পরিবারে জন্য কবরস্থান তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা পুলিশের মাধ্যমে সাড়ে ২৯ শতাংশ জমি ক্রয় করে সেখানে সীমানা প্রাচীর তুলে কবরস্থান ও মসজিদ নির্মাণ করা হয়। এ ছাড়া গভীর নলকূপ, মরদেহ ধোয়ার ঘর ও শৌচাগার নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ভালো কাজের জন্য উত্সাহ চাই।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের সভানেত্রী জীশান মীর্জা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন প্রমুখ।