ফ্রান্সের ক্যাথলিক গির্জা নিয়ে তদন্ত

সাত দশকে ২ লাখের বেশি শিশুকে যৌন নির্যাতন যাজকদের

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০০:৩৯

গত ৭০ বছরে ফ্রান্সের ক্যাথলিক গির্জায় পাদ্রি এবং যাজকদের হাতে ২ লাখ ১৬ হাজারের বেশি শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার রোমান ক্যাথলিক চার্চে যৌন নিপীড়নের ঘটনার এক নিরপেক্ষ তদন্ত কমিশনের প্রকাশিত প্রতিবেদনে পাদ্রি এবং যাজকদের বিরুদ্ধে শিশু নিপীড়নের এই প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের

তদন্ত কমিশনের প্রতিবেদনে গির্জার সাধারণ সদস্যদের হিসাবে ধরলে যৌন নিপীড়নের শিকার শিশুর সংখ্যা বেড়ে ৩ লাখ ৩০ হাজার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। কমিশনের প্রধান জ্যঁ-মার্ক সোভ বলেছেন, নিপীড়নের এই পরিসংখ্যান অসহনীয়। প্রতিবেদন প্রকাশের পর ফ্রান্সের গির্জাগুলো শিশু নিপীড়নের ঘটনাকে ‘লজ্জাজনক এবং ভীতিকর’ বলে উল্লেখ করে ক্ষমা চেয়েছে। এই প্রতিবেদনকে ফ্রান্সের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন নিপীড়নের শিকার একজন। তিনি বলেছেন, ক্যাথলিক গির্জাগুলোর কর্ম মৌলিকভাবে পুনর্মূল্যায়ন করার সময় এসেছে।

জ্যঁ-মার্ক সোভ বলেছেন, তারা ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার ২০০ শিশু নির্যাতনকারী পাদ্রি এবং অন্যান্য যাজকের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছেন। এটি ন্যূনতম অনুমান। গির্জা, আদালত ও পুলিশের দলিলপত্রের আর্কাইভে পাওয়া তথ্য এবং যৌন নির্যাতনের শিকারদের সাক্ষাত্কারের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রায় আড়াই বছর ধরে ১ লাখ ১৫ হাজারের বেশি পাদ্রি ও অন্যান্য গির্জা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হয়।