বিশ্ব শিক্ষক দিবস পালন

জাতীয়করণেই কমবে শিক্ষক বৈষম্য

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০০:৪০

শিক্ষক ও এর অংশীজনরা মনে করেন, দেশে সরকারি, এমপিওভুক্ত, ননএমপিওসহ শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে তা কমবে একমাত্র জাতীয়করণের মাধ্যমেই। তাই জাতীয়করণের উদ্যোগ এখন থেকেই নিতে হবে। গতকাল বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে এ কথাই তুলে ধরা হয়েছে। 

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।  কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি। শিক্ষকদের মধ্যে যেসব বৈষম্য রয়েছে তা কমাতে হবে। আর এ কারণেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর কেন্দ ীয় সভাপতি মো. নজরুল ইসলাম রনি, ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার, সাঈদুল হোসেন সাহেদ এবং অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী এতে বক্তব্য রাখেন। তারা বলেন,  ২৫ শতাংশ ঈদ বোনাস দীর্ঘ ১৭ বছরেও পরিবর্তন হয়নি। তারা শতভাগ ঈদ  বোনাসের দাবি জানান। তারা বলেন, ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিত্সা ভাতা দিয়ে এ দুঃসময়ে শিক্ষকদের জীবন আর চলছে না।

শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের ওপরই একটি দেশের ভবিষ্যত্ নির্ভর করে। বর্তমান সরকার শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা ও মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা। সে লক্ষ্যে বর্তমান শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন জাতীয় প্রেসক্লাবে অডিটোরিয়ামে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল্লাহ চৌধুরী সম্মেলন উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন ঢাবির সাবেক ভিপি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।