বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারকে আলোচনায় বসার তাগিদ দিয়ে বলেছেন, সে আলোচনা শুধু নির্বাচনকালীন সরকার নিয়ে হতে হবে। কোনোমতেই আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। দলীয় সরকারের অধীনে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি বলেন, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটি নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। এরপর তাদের মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। জনগণের প্রয়োজনে আবারও সংবিধান পরিবর্তন করতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জেনে গেছে যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ দেশের যে অবস্থা তৈরি করেছে, তাতে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। জীবিকারও কোনো নিরাপত্তা নেই। চারদিকে ভয় ও ত্রাস। সন্ত্রাস ছাড়া আর কোনো কিছুই নেই। মানুষ অতিষ্ঠ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১০ টাকা কেজির চাল খাওয়াবেন বলে তারা ক্ষমতায় এসেছিলেন। এখন চাল ৭০ টাকা কেজি। ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে মির্জা ফখরুল বলেন, যে কোনো নির্বাচন কমিশন হোক, নির্বাচনকালে নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয় না। এটা আমার মুখের কথা নয়। এটা আগেও অনেকে বলেছেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যদি ভালোও হয়, সরকার তাদের সঙ্গে সহযোগিতা না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। এর আগেও সার্চ কমিটি দিয়ে কমিশন গঠন করা হয়েছে। সার্চ কমিটির নামে নিজস্ব লোক দিয়ে কমিশন গঠন করা হয়। সার্চ কমিটি একটি ধোঁকা।
