এবার বিশেষ চমক নিয়ে হাজির হলেন ওপার বাংলার অভিনেতা দেব। গতকাল তিনি প্রসেনজিত্ চ্যাটার্জিকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়ে চমকে দিলেন সবাইকে। ‘কাছের মানুষ’ শিরোনামের এই ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন দেব। এর মধ্য দিয়ে এই প্রথমবার কোনো সিনেমার কেন্দ্রবিন্দুতে যুক্ত হচ্ছেন দুই তারকা। ছবিটি নির্মাণ করবেন পথিকৃত্ বসু। গতকাল ছবিটির মোশন পোস্টার প্রকাশ করেছেন দেব। সেখানে রেললাইনের ওপর বসে থাকতে দেখা গেছে দেব ও প্রসেনজিেক।
উল্লেখ্য, প্রযোজক দেবের ছবিতে প্রসেনজিত্ আগে কাজ করলেও সেটা নিছকই অতিথি শিল্পীর ভূমিকা ছিল। একসঙ্গে দেব-প্রসেনজিত্ জুটির ম্যাজিক দেখার সুযোগ পায়নি দর্শকরা। অবশেষে সেই আশা পূর্ণ হতে চলেছে ‘কাছের মানুষ’-এর সৌজন্যে। ছবিটিতে দেব ও প্রসেনজিত্ ছাড়া আরো থাকছেন ইশা সাহা। জানা গেছে, চলতি বছরের শেষদিকে ‘কাছের মানুষ’-এর শুটিং শুরু হবে।’
