ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য প্রমুখ বক্তব্য রাখেন।
জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবসে শোভাযাত্রা
নকলা (শেরপুর) সংবাদদাতা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদ্যাপন উপলক্ষ্যে বুধবার নকলায় শোভাযাত্রা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে ২৫২ মন্ডপে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বুধবার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
বকেয়া মজুরি ও গ্র্যাচুইটির দাবি
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পাওনা বকেয়া মজুরি ও গ্র্যাচুইটির টাকা পাওয়ার দাবিতে বুধবার দুপুরে সমাবেশ করেছেন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা। চিনিকল রোডের ফুড গোডাউনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী সংগঠনের আহ্বায়ক মো. আলী আকবরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিআইসি রেজাউল হক, শহিদুল হক মন্টু প্রমুখ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কার্যক্রম উদ্বোধন
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা বাগাতিপাড়ায় বুধবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার সাহার সভাপতিত্বে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
জেলেদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগরে নিবন্ধিত ৬০ জন জেলের মধ্যে বুধবার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, মত্স্য কর্মকর্তা মায়মুনা জাহান প্রমুখ।
০
