ফল : সুপারি

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:৫৪

সুপারি বাংলাদেশের অন্যতম প্রধান একটি অর্থকরী মসলা জাতীয় ফল। এই ফল পানের সঙ্গে খাবার উপযোগী মসলা হিসাবে ব্যবহূত হয়। গ্রীষ্মপ্রধান দেশসমূহের উপকূলীয় অঞ্চলে এটি প্রচুর জন্মে। পাম জাতীয় এ গাছ আকারে সরু, লম্বায় ৩০ মিটার পর্যন্ত হয়। শাখা-প্রশাখাহীন এ গাছে রয়েছে ১-২ মিটার লম্বা বড় বড় পাতার একটি গুচ্ছ। ফুল ও ফল একটি পুষ্পদণ্ডে ধরে যা ‘কাদি’ নামে পরিচিত । প্রতিটি কাদিতে অসংখ্য সুপারি থাকে।

সুপারি কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে কমলা রং ধারণ করে। এ ফল ডিম্বাকার থেকে গোলাকার, আকারে ছোট। কাঁচা ও পাকা উভয় অবস্থায় খাওয়া যায়। শক্ত তন্তুর মতো অন্তঃত্বক ছাড়িয়ে ভিতরে গোলাকার শক্ত যে বিচি থাকে সেটাই খাওয়া হয়। এটি সরাসরি কাঁচা অবস্থায় অথবা শুকিয়ে কুচিকুচি করে জাঁতি দিয়ে কেটে পানের সঙ্গে খাওয়া হয়। সুপারিতে অ্যালকালয়েড থাকায় অনেক সময় মাথা ঘোরে। প্রতি ১০০ গ্রাম সুপারি ২৮৯ ক্যালরি শক্তি জোগায়।

সুপারির অনেক ভেষজগুণও আছে। এটি উদরাময় নিরাময়ক, দাঁতের ব্যথা, পায়োরিয়া, কৃমি, রক্ত আমাশা, অজীর্ণ ইত্যাদি রোগ নিরাময়ে দারুণ কার্যকর। তবে এর রসে এরিকোলিন থাকায় মুখের ক্যান্সারের জন্য দায়ী করা হয়।

মো. রেদোয়ান হোসেন