চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের উত্তেজনা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে দুই পক্ষের মধ্যে দুর্ঘটনাক্রমে সংঘাত বেঁধে যেতে পারে। তিনি বলেছেন, ২০২৫ সালের মধ্যে চীন তার দেশের ওপর সর্বাত্মক হামলা চালানোর সক্ষমতা অর্জন করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন এবং তাইওয়ান চুক্তি মেনে চলতে একমত হয়েছেন। খবর বিবিসির
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুয়ো-চেং এসব মন্তব্য করলেন যখন পরপর চার দিন ধরে রেকর্ডসংখ্যক চীনা সামরিক বিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলের মধ্যে ঢুকে পড়েছে। তাইওয়ান নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে, কিন্তু চীন মনে করে এই দ্বীপরাষ্ট্রটি তাদের একটি দলছুট প্রদেশ। দুটি ভূখণ্ডের পুনরেকত্রীকরণের জন্য চীন বল প্রয়োগের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না। তবে চীনা জঙ্গি বিমানগুলো তাইওয়ানের মূল ভূখণ্ডের আকাশসীমা অতিক্রম না করলেও চিউ হুঁশিয়ার করেন যে এই ঘটনাকে কেন্দ্র করে ‘ভুলক্রমে’ গোলাগুলি শুরু হওয়ার একটি ঝুঁকি থেকে যাচ্ছে।
তাইওয়ানি প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলছিলেন, যখন তাইপের একটি সংসদীয় কমিটিতে মিসাইল ও যুদ্ধজাহাজ কেনার জন্য শত শত কোটি ডলারের একটি প্রতিরক্ষা বিল নিয়ে আলোচনা চলছে। তাইওয়ানের ওপর চীন এখনই হামলা চালানোর ক্ষমতা রাখে—এ কথা স্বীকার করে তিনি বলেন, আগামী দিনগুলোতে এই হামলা চালানো অনেক সহজ হয়ে আসবে। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। চীনে ১৯৪৯ সালে কমিউনিস্টরা শাসনক্ষমতা দখল করার পর তাইওয়ান মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়।
বাইডেন-শি ফোনালাপ
বিশ্লেষকেরা সতর্ক করছেন যে তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করতে পারে বলে চীন ক্রমশই উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট ছাই ইং-ওয়ান যাতে এমন কোনো ঘোষণা না করেন, সেটা চীন ঠেকাতে চায়। সাম্প্রতিক সময়ে খোলাখুলিভাবে চীনের সামরিক শক্তি প্রদর্শন নিয়ে তাইওয়ানের সমর্থক পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ‘তাইওয়ান চুক্তি’ মেনে চলার কথা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন। বাইডেন দৃশ্যত ওয়াশিংটনের দীর্ঘদিনের ‘এক চীন’ নীতির প্রতি ইঙ্গিত করছেন, যেখানে রাষ্ট্র হিসেবে তাইওয়ান নয়, চীনকে স্বীকার করে নেওয়া হয়েছে। তবে এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে জোরদার অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখতে পারে।
