শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ পরিষ্কার করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সব আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশ দিয়েছে মাউশি অধিদপ্তর।
নির্দেশনায় বলা বলছে, শিক্ষার্থীরা তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহের ছয় দিনের জন্য ছয়টি দলে ভাগ হয়ে নিজ শ্রেণিকক্ষ ও সংলগ্ন বারান্দা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে। ক্লাস শেষে যে দলের যেদিন দায়িত্ব থাকবে তারা সেদিন নিজ শ্রেণিকক্ষ পরিষ্কার করে শ্রেণিকক্ষ ত্যাগ করবে।
এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের অধিদপ্তর বলছে, প্রতি শ্রেণির জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, সাবান, বালতি, স্যাভলন বা জীবানুনাশক, ডাস্টার (কাপড়ের), বিন সরবরাহ করতে হবে। ‘কোনো কাজই ছোট নয়’—এ বিষয়ে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে হবে। সেজন্য শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে শিক্ষকদের উত্সাহ দিয়ে সহযোগিতা করতে হবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীর স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষকের তত্ত্বাবধানে নিজেরাই তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন সচেষ্ট থাকবে।
