যুক্তরাষ্ট্রে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ২৭ বছর আগে মিসৌরিতে মেরি ব্র্যাচার, মাবেল স্রাগস এবং ফ্রেড জোনসকে হত্যা করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আর্নেস্ট লি জনসন সেদিন ডাকাতি করতে গিয়ে ঐ তিন জনকে নৃশংসভাবে হত্যা করেন। কিন্তু শুরু থেকেই তার আইনজীবীরা দাবি করে আসছেন, জন্মের পর থেকে জনসন ‘অ্যালকোহল সিনড্রোমে’ আক্রান্ত, তার আইকিউ এমন যে মানসিক বিকাশ চার বছরের শিশুদের মতো। এসব কারণে মামলার রায়ে মৃত্যুদণ্ড হলেও আইনজীবীরা চেয়েছিলেন আসামিকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হোক। খবর ডয়চেভেলের
পোপ ফ্রান্সিসও সমর্থন জানিয়েছিলেন সেই আবেদনে। এক চিঠিতে মিসৌরির গভর্নর মাইক পার্সনকে তিনি লিখেছিলেন, ‘দয়া করে সবকিছুর আগে জনসনের মানবিকতার দিকটা এবং সেই সঙ্গে মানবজীবনের পবিত্রতার বিষয়টি বিবেচনায় নিন।’ এর জবাবে এক বিবৃতিতে গভর্নর পার্সন মৃত্যুদণ্ড মওকুফে অপারগতা জানিয়ে বলেন, প্রাপ্ত তথ্য বলছে, জনসন অপরাধ সংঘটনের জন্য দীর্ঘ পরিকল্পনা করেছেন এবং পরে তা বাস্তবায়নও করেছেন। তিন জন বিচারক জনসনের মামলা পুনর্মূল্যায়ন করেই মৃত্যুদণ্ডের সুপারিশ করেছেন।’ মঙ্গলবার মিসৌরির সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ১১ মিনিটে ৬১ বছর বয়সি আর্নেস্ট লি জনসনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মিসৌরির ডিপার্টমেন্ট অব কারেকশন জানায়, বিষাক্ত ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরাও জনসনের মৃত্যুদণ্ড মওকুফের আহ্বান জানিয়েছিলেন। তা সত্ত্বেও মৃত্যুদণ্ড কার্যকর করায় তীব্র হতাশা ব্যক্ত করেছেন তারা।
