বুধবার সকালে প্রেমিক হূদয় গমেজের (২৫) মা স্থানীয় ভূমি রেজিস্ট্রি অফিসে যান জমি রেজিস্ট্রি করতে। বাড়ি ফাঁকা পেয়ে ডেকে আনেন প্রেমিকা ইভানা রোজারিওকে (২২)। সন্ধ্যা ৭টার দিকে প্রেমিক হূদয়ের মা বাড়ি ফেরেন এবং এসে দেখেন ঘরের দরজা বন্ধ। পরে জানালা দিয়ে দেখেন ঘরের মেঝেতে দুই জনের মরদেহ পড়ে আছে। প্রেমিকের মায়ের চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঐ প্রেমিক প্রেমিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামে ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বুধবার রাত ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।
নিহত হূদয় গমেজ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে। ইভানা রোজারিও একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের স্বপন রোজারিওর মেয়ে। ওসি জানান, সকালে হূদয়ের মা বাড়ি থেকে বেড়িয়ে গেলে কোনো এক সময় প্রেমিকা ইভানাকে বাড়ি ডেকে আনে। পরে সকাল থেকে সন্ধ্যার কোনো এক সময় প্রেমিকাকে ছুরিকাঘাত করে হত্যা
শেষে হূদয় নিজেই নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যা করেন।
