পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বুধবার রাতে হওয়া এই ভূমিকম্পে আহতের সংখ্যাও ৩০০ ছাড়িয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে কম্পনের পর কোয়েটা শহরের আতঙ্কিত মানুষজনকে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়াতে দেখা গেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭-এর মতো হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ডনের প্রতিবেদনে এই মাত্রা ৫ দশমিক ৯ বলা হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হারনাই জেলায়। কোয়েটা, সিব্বি, পিশিন, মুসলিমবাগ, জিয়ারাত, কিলা আবদুল্লাহ, সানজাবি, জোভ, চমন শহরেও কম্পন অনুভূত হয়েছে। হারনাই প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্ব দিকে অবস্থিত, এখানে অনেক কয়লাখনি আছে। ভূমিকম্পে শতাধিক মাটির ঘর ধসে পড়েছে, অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন হারনাইয়ের ডেপুটি কমিশনার সোহাইল আনোয়ার। উদ্ধারকর্মীরা জানান, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহতদের অনেককে রাস্তার ওপর স্ট্রেচারেই চিকিত্সা দিতে হয়েছে। এ সময় চিকিত্সকদের টর্চের বদলে মোবাইল ফোনের আলো ব্যবহার করতে হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
