ভোলায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:২২

ভোলার লালমোহন উপজেলায় মো. সাকিব (২১) নামের এক কৃষকের পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার বাড়ির সামনের একটি গাছ থেকে  লাশ উদ্ধার করা হয়। নিহত সাকিব লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা গ্রামের বজলু মোল্লার ছেলে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করলেও এখনো কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান ওসি।