আগ্রহের শীর্ষে ইন্দো-বাংলা

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:৩৭

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৮টির বা ৫৮ দশমিক ৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বুধবার ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ দশমিক ১০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৬ দশমিক ৫০ টাকা। অর্থাত্, কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ৯ দশমিক ৯৪ শতাংশ, শেফার্ডের ৯ দশমিক ৭৬ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১১ শতাংশ, এসএস স্টিলের ৬ দশমিক ৮১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬ দশমিক ৬৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬ দশমিক ৪৫ শতাংশ, রূপালী ব্যাংকের ৬ দশমিক ১৫ শতাংশ, মুন্নু সিরামিকের ৬ দশমিক ১২ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের শেয়ারদর ৫ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।