বর্তমান পরিস্থিতিতে বেকারত্ব অন্যতম একটি সমস্যা। বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। অন্যান্য সময়ের তুলনায় এটি করোনাকালে অনেক বেড়েছে। বেকারত্বে শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১২তম। করোনার বাড়াবাড়ির সময়ে সমস্ত চাকরির পরীক্ষা বন্ধ ছিল। দীর্ঘদিন পর আবার পরীক্ষা শুরু হলে যে সমস্যা সৃষ্টি হয় তা চাকরিপ্রার্থীদের জন্য হতাশাজনক। একজন চাকরিপ্রার্থী বেকারত্বের বোঝাই বইতে পারে না, তার ওপর বেশি ফি দিয়ে আবেদন করার পর যখন একই দিনে একাধিক চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়—এটা কতটা মানসিক অশান্তির সৃষ্টি করে তা একজন চাকরিপ্রার্থী ছাড়া আর কে জানে। তারা কীভাবে অংশগ্রহণ করবে একদিনে একাধিক পরীক্ষায়? তাই কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, একই দিনে একাধিক চাকরির পরীক্ষা রেখে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রহসন বন্ধ করুন।
মোছা. জেলি খাতুন
শিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ
