পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে চাই শিশুদের অংশগ্রহণ

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২২:০২

পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টজন।

গতকাল ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত শিশু সংলাপে তারা এ দাবি জানান। ৪০ জন শিশুর ভার্চুয়াল ও সরাসরি অংশগ্রহণে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড পার্লামেন্টের স্পিকার মারিয়াম আক্তার জিম।

 সাম্প্রতিক সময়ে সরকারের নানা উদ্যোগের প্রশংসার পাশাপাশি শিশুদের মতামতের ওপর গুরুত্ব দিয়ে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিশুদের জন্য বরাদ্দ বাড়ানো, বাজেট প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ ও বাল্যবিবাহ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় শিশুরা। পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ও সরকারের শিশুসংক্রান্ত পরিকল্পনায় শিশুদের নিয়মতান্ত্রিক অংশগ্রহণের দাবিসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়।

শিশু সুরক্ষা ও শিশু অধিকার রক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বর্তমান সরকারের শিশুদের নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে। এছাড়া শিশুদের অধিকার রক্ষার্থে সামাজিক ও পারিবারিকভাবে গুরুত্ব দেওয়া জরুরি। শিশুদের মতামত নিয়েই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়েছে, যেখানে শিশু নির্যাতন, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ চাইল্ড রাইটস্ গভর্নেন্স অ্যান্ড চাইল্ড প্রটেকশন পরিচালক আবদুল্লা আল মামুন। গুলশান স্পেক্টরা কনভেনশন সেন্টারে আয়োজিত এ সংলাপে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলার ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স  (এনসিটিএফ) সদস্য, সিএফএলজি ও শিশু ফোরামসহ বিভিন্ন শিশু সংগঠনের শিশুরা। এছাড়া সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিশু অধিকার সপ্তাহ ৪ অক্টোবর শুরু হয়েছে এবং ১০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।