ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য নিবন্ধনকেন্দ্র স্থাপন করা হয়েছে। গতকাল টিএসসিতে অস্থায়ী এই কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর। করোনার টিকা নিতে এনআইডির প্রয়োজন হয়। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা যাতে দ্রুত টিকা নিয়ে হলে উঠতে পারেন সে জন্য বিশেষ ব্যবস্থায় এ কেন্দ্র স্থাপন করা হয়। গতকাল থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা এই কেন্দ্রে এনআইডির জন্য নিবন্ধন করতে পারবেন। কার্যক্রম প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হবে। নিয়মাবলী ও শর্তসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd থেকে জানা যাবে। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর প্রমুখ।
