জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ থানার ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান গতকাল বৃহস্পতিবার এ আবেদন নামঞ্জুর করেন। এর আগে গতকাল সকালে প্রদীপকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়। জামিন নামঞ্জুর হওয়ার পর পুনরায় তাকে কক্সবাজার কারাগারে ফেরত পাঠানো হয়।
২০২০ সালের ২৩ আগস্ট দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন বাদী হয়ে দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১-এ প্রদীপের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এর মধ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে দুদকের অভিযোগে উল্লেখ করা হয়। এর বাইরে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগও আনা হয়।
