জামিন পেলেন না বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আইনজীবী দাবি করেছেন, জামিন না দিলেও আদালত আরিয়ানসহ বাকিদের তাদের হেফাজতে রাখার আদেশ খারিজ করে দিয়েছে। বিচারপতি দাবি করেন, এনসিবি তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য যথেষ্ট সময় পেয়েছে। এরপরই আরিয়ানদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। সঙ্গে সঙ্গে আরিয়ানদের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ নিযুক্ত আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হবে আজ শুক্রবার সকাল ১১টায়। খবর আনন্দবাজার পত্রিকার
৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। চার দিন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রুদ্ধদ্বার কক্ষে কাটিয়েছেন আরিয়ান। চলেছে জিজ্ঞাসাবাদ। এনসিবি সূত্রে জানা গেছে, জেরার সময় সহযোগিতা করেছেন শাহরুখপুত্র। কিন্তু আপাতত বহাল থাকবে তার বন্দিদশা। শাহরুখ পুত্রের আইনজীবী জানান, আরবাজ ও অচিতের কাছ থেকে খুব অল্প পরিমান মাদক উদ্ধার হয়েছে। মানশিন্ডে জানিয়েছেন, তাদের সঙ্গে আরিয়ানের পরিচয় আছে। কিন্তু সেই পার্টিতে আরিয়ান কারো থেকে মাদক সংগ্রহ করেননি। শাহরুখপুত্রের আইনজীবীর মতে, চার দিন আরিয়ানকে হেফাজতে রাখার পরও আসল অপরাধীকে এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি এনসিবি। আরিয়ান নাকি পার্টির জাঁকজমক আরো বাড়িয়ে দিতেই সেখানে গিয়েছিলেন। গত শনিবার মুম্বাই থেকে গোয়ামুখী এক প্রমোদতরির পার্টি থেকে আটক করা হয় আরিয়ানসহ আরো কয়েক জনকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন শাহরুখপুত্র। আরিয়ানের দুই সঙ্গী মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টকেও গ্রেফতার করে এনসিবি।
