এক-দুইটা ছোট-খাটো খেলা ছাড়া দেশের হকির মূল সে াতের খেলাগুলো বন্ধ ছিল। ক্লাবগুলোর নানা টানাপোড়েনে খেলোয়াড়রা অলস বসে ছিলেন। ফেডারেশনের আগের সভাপতি মাসিহুজ্জামান সেরনিয়াবাতের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি টাকা পাঠিয়েছিলেন হকিতে। হকি খেলাটা যেন যেকোনো ভাবেই হোক শুরু হয়। দলবদল হলো। এবার মাঠেও গড়াল হকি। ক্লাব কাপ হকি দিয়ে আবার হকি মাঠ জমজমাট হয়ে উঠল।
নীল টার্ফে ময়লা জমে গিয়েছিল। কয়দিন আগেও টার্ফের এমন চিত্র দেখে চেনার উপায় ছিল না। সেই নীল টার্ফ পরিষ্কার-পরিচ্ছন্ন করে বল গড়িয়ে দেওয়া হলো। স্টিক হাতে মাঠে নেমেই যেন খেলোয়াড়রা প্রাণের ছোঁয়া পেলেন। ক্লাব কাপ হকির প্রথম দিনে পৃথক ম্যাচে মাঠে নেমেছে মোহামেডান এবং আবাহনী।
বিকালে মোহামেডান ৮-২ গোলে হারিয়েছে এজাক্স ক্লাবকে। হ্যাটট্টিক করেছেন আশরাফুল ইসলাম। খেলার প্রথম ভাগেই টানা তিন গোল করে হ্যাটট্টিক পূরণ করেছেন আশরাফুল। এরপরই এজাক্সের সাব্বির পেনাল্টি স্ট্রোক হতে গোল করে ব্যবধান কমালেও চতুর্থ গোল করেন আশরাফুল। স্কোর লাইনে যোগ হয় নাসির, রাজিব দাসের গোল। এজাক্সাসের মোশারফ হোসেন কুটি মোহামেডানের পোস্টে গোল করলেও আবার সেই আশরাফুল এবং রাজিব দাস এজাক্সোর পোস্টে গোল করেন।
ক্লাব কাপ হকির উদ্বোধনী দিনটাই ভালো কেটেছে। তিন বছর আগে ক্লাব কাপ হকি হয়েছিল ২০১৮ সালে। সেবার মোহামেডান খেলেনি। ম্যানেজার আরিফুল হক প্রিন্স বললেন, তাদের প্রস্তুতি ছিল না বলে আগের আসরের ক্লাব হকি খেলেননি।’ হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় মাঠে নেমেছিল একই গ্রুপের আবাহনী। তারাও বড় জয় নিয়ে ফিরেছে। আবাহনী ৫-০ গোলে হারিয়েছে পুলিশকে। ৫ গোলে জিতলেও আবাহনী প্রথম দুই কোয়ার্টারে গোল পায়নি। অধিনায়ক রোমান সরকার এবং পুস্কার খিসা মিমো গোল করে আবাহনীর কর্মকর্তাদের দুশ্চিন্তা কমান। শেষ কোয়ার্টারে সাইফুল আলম শিশিরের জোড়া গোলের সঙ্গে আরশাদ হোসেন গোল করেন। এই গ্রুপে আগামীকাল মোহামেডান-আবাহনী ম্যাচ।
খেলা শুরু হওয়ার আগে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, লিগ কমিটি চেয়ারম্যান ও ডিসি মতিঝিল আব্দুল আহাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসভিপি মো. মনিরুজ্জামান, ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সহসভাপতি জাকি আহমেদ রিপন প্রমুখ।
