নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। গতকালই বিসিবির নবনির্বাচিত পরিচালকেরা প্রথম বোর্ড সভা করেছেন। সন্ধ্যার আগে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান পরিচালকেরা। নাজমুল হাসান পাপনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
তার আগে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন মেয়াদে বিসিবিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন পাপন। অবকাঠামো উন্নয়নের বাইরে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের র্যাংকিংয়ে উন্নতির দিকে মনোযোগী হতে চান বিসিবি সভাপতি। গতকাল পাপন বলেছেন, ওয়ানডে র্যাংকিংয়ে পাঁচে উন্নীত হওয়াই এখন বাংলাদেশের মূল টার্গেট।
আইসিসি র্যাংকিংয়ে বর্তমানে টেস্টে ৯ নম্বর, ওয়ানডেতে ৭ নম্বরে এবং টি-২০-তে ৬ নম্বরে আছে বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, ‘বর্তমান যে পরিস্থিতি, সেখানে তিন ফরম্যাটের মধ্যে শুধু ওয়ানডেতে মোটামুটি ভালো। আগের চেয়ে নিশ্চিতভাবেই ভালো। ৭ নম্বরে এসেছি। দুটি বিশ্বকাপজয়ী দলের ওপরে আছি, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের ওপরে এখন পর্যন্ত আছি। আমাদের পরবর্তী টার্গেট অবশ্যই পাঁচে যাওয়া।’
পাপন আরো বলেন, ‘সামনের টার্গেটই ৫ নম্বরে যাওয়া। প্রশ্ন করতে পারেন, কেন ৪ বা ৩ নম্বরে নয়? আমি বিশ্বাস করি, এখন যে পরিস্থিতি, সেখানে সাত থেকে পাঁচে ওঠাটাই হয়তো সম্ভব। এরপর অন্য লেভেল।’ আসন্ন টি-২০ বিশ্বকাপেও বাংলাদেশ দল ভালো ফলাফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিসিবি সভাপতি।
কাউন্সিলরদের কাছে ভোটই চাননি পাপন!
বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে পরিচালক হয়েছেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সরকার দ্বারা মনোনীত হয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন তিনি। পরের দুই বার (২০১৩, ২০১৭) সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন। এবারই প্রথম ভোটের লড়াই পার হয়ে বিসিবির মসনদে বসলেন তিনি। কিন্তু নির্বাচনে কাউন্সিলরদের কাছে ভোটই চাননি পাপন। গতকাল সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন তিনি। বিসিবির সভাপতি বলেন, ‘সত্যি কথা হলো, আমি কারো কাছে ভোট চাইনি। কারণ আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। ভোটাররা কী মনে করে। তাই আমি কারো কাছে ভোট চাইনি।’
